শ্রমিকদের আন্দোলনের নামে আ.লীগের নাশকতা, গ্রেপ্তার ১১
প্রকাশিত : ১৭:২৪, ১ নভেম্বর ২০২৬
রাজধানীর মিরপুর-১০ নম্বরসহ আশপাশের এলাকায় ন্যূনতম মাসিক মজুরির দাবিতে পোশাক শ্রমিকদের আন্দোলনকে পুঁজি করে
পুলিশের সঙ্গে সংঘর্ষ, অগ্নিসংযোগ ও নাশকতার ঘটনায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের ১১ নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।
রোববার (১ নভেম্বর) ডিবির মিরপুর বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মোহাম্মদ রাকিব খান বিষয়টি নিশ্চিত করেছেন।
পুলিশের কর্মকর্তা বলেন, বেতন বৃদ্ধির দাবিতে কিছুদিন ধরেই গার্মেন্টস শ্রমিকদের আন্দোলন চলছে। সবশেষ রোববার পুলিশের সঙ্গে সংঘর্ষ এবং পুলিশের গাড়িতে অগ্নিসংযোগের ঘটনা ঘটে।
মূলত কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীরা সাধারণ শ্রমিকদের ব্যবহার করে নাশকতার চেষ্টা চালাচ্ছে। এ ঘটনায় শ্রমিকদের আন্দোলন থেকে ১১ জনকে গ্রেপ্তার করা হয়েছে।
তিনি বলেন, গ্রেপ্তাররা কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ছাড়াও নিষিদ্ধ ছাত্রলীগ-যুবলীগের বরিশাল, পটুয়াখালী, কক্সবাজার, গাইবান্ধাসহ বিভিন্ন জেলার তৃণমূল পর্যায়ের নেতা। রোববার মিরপুর ১০ নম্বর ও এর আশপাশের এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
মূলত মিরপুরের পলাতক সাবেক সংসদ সদস্য ইলিয়াস মোল্লার ভাগ্নে আলিফ মোল্লা এই নাশকতার সমন্বয়ক হিসেবে কাজ করছে। এজন্য বিভিন্ন জেলা থেকে এসব নেতাকর্মীদের ঢাকায় আনা হয়েছে।
আজকের ঘটনায় প্রায় শতাধিক নেতাকর্মী ঘটনাস্থলে উপস্থিত ছিল। তাদের শনাক্ত করে গ্রেপ্তারে অভিযান চলছে।
এমএইচ
আরও পড়ুন










